Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

এগারো দলীয় রাজনৈতিক জোট ছাড়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ১১ দলীয় ঐক্যের কোনো ধরনের কর্মসূচিতে খেলাফত মজলিস আর অংশ নেবে না।

বৈঠক শেষে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ দলীয় ঐক্যের মূল ভিত্তি ছিল নির্বাচনকেন্দ্রিক সমঝোতা। নির্বাচন সমাপ্ত হওয়ার মাধ্যমে এই ঐক্যের প্রাসঙ্গিকতা ও কার্যকারিতা মূলত শেষ হয়ে গেছে। তবুও নির্বাচনপরবর্তী কিছু কর্মসূচিতে দলটি অংশ নিলেও এখন থেকে এই জোটের সব ধরণের কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এগারো দলীয় জোট থেকে সরে আসলেও ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে বৃহৎ কোনো রাজনৈতিক ঐক্যের প্রয়োজন দেখা দিলে খেলাফত মজলিস বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় প্রয়াস অব্যাহত রাখবে।

উল্লেখ্য, কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত মজলিসে শূরার এই সাধারণ অধিবেশনে দলটির কেন্দ্রীয় নির্বাহী ও শূরা কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button