News
রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাশেদ খাঁন বক্তব্য শুরু করতেই ‘ভুয়া ভুয়া’ স্লোগান

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খাঁনের বক্তব্যের শুরু করতেই ভুয়া ভুয়া স্লোগানের দিয়েছেন এনসিপি নেতকর্মী ও জুলাই যোদ্ধাদের পরিবার-স্বজনেরা। আজ বুধবার (৫ আগস্ট) সকালে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
বক্তব্যের শুরুতেই ভুয়া ভুয়া স্লোগানের মধ্যেই বক্তব্য দিতে থাকেন রাশেদ খাঁন। একপর্যায়ে বক্তব্যে মাঝে তিনি ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়াকে স্বাগত জানান।
এর আগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটে। উপস্থিতদের একাংশের অভিযোগ, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা ও শহীদদের আত্মত্যাগ যথাযথভাবে তুলে ধরা হয়নি। এসময় রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের বিভিন্ন পর্যায় নিয়ে নির্মিত একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে উপস্থিত জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যদের একাংশ এবং এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা প্রামাণ্যচিত্রে বিভিন্ন অসংগতির অভিযোগ তুলে হট্টগোল শুরু করেন। এ সময় তারা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। এমন পরিস্থিতিতে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা ও কূটনীতিকগণ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানান।
মঞ্চে উঠে আখতার হোসেন বলেন, প্রদর্শিত প্রামাণ্যচিত্রে অনেক অসংগতি রয়েছে। বিশেষ করে ৩ আগস্টের ঘটনাপ্রবাহ যথাযথভাবে তুলে ধরা হয়নি। বিষয়টি সরকারের নজরে আনা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
source: The Dhaka Diary