News

মুখস্থ নয়, সমস্যা সমাধানের শিক্ষা দরকার : ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার উদ্দেশ্য শুধু তথ্য মুখস্থ করানো নয়; বরং শিক্ষার্থীদের প্রশ্ন করতে শেখানো, সমালোচনামূলক চিন্তার সক্ষমতা গড়ে তোলা এবং বাস্তব সমস্যার সমাধানে দক্ষ করে তোলা। তিনি বলেন, প্রাথমিক স্তর থেকেই স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিত) শিক্ষার ভিত্তি শক্তিশালী করা গেলে বাংলাদেশ প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার পাশাপাশি প্রকৃত অর্থনৈতিক সার্বভৌমত্ব অর্জনের পথে আরও এগিয়ে যাবে।

বুধবার (৫ আগস্ট) জাপানের ওসাকায় অনুষ্ঠিত আরটেক জেনারেল এক্সিবিশন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, শুধু প্রযুক্তি কিনে ব্যবহার করলে একটি দেশ সব সময় অন্যের ওপর নির্ভরশীল থাকে। কিন্তু স্টেম শিক্ষার মাধ্যমে প্রযুক্তি বোঝা, তা নিজস্ব প্রয়োজন অনুযায়ী অভিযোজিত করা এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম মানবসম্পদ গড়ে তুলতে পারলে একটি দেশ প্রকৃত অর্থনৈতিক সার্বভৌমত্ব অর্জন করতে পারে। জাপান সেই উদাহরণ তৈরি করেছে, বাংলাদেশও প্রাথমিক শিক্ষা থেকেই স্টেমভিত্তিক দক্ষতা গড়ে তুলে একই পথে এগোতে চায়।

প্রতিমন্ত্রী বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে বিজ্ঞান বা প্রযুক্তি শেখানোর পাশাপাশি শিশুদের প্রশ্ন করা, সমালোচনামূলক চিন্তা, সমস্যা বিশ্লেষণ এবং বাস্তবভিত্তিক সমাধান তৈরির সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের শ্রমশক্তি ৭ কোটির বেশি। কিন্তু দেশের অর্থনীতি এখনও তৈরি পোশাক শিল্পের ওপর অনেকাংশে নির্ভরশীল। বহুমুখী, জ্ঞানভিত্তিক ও উচ্চ মূল্য সংযোজনকারী অর্থনীতি গড়ে তুলতে হলে প্রাথমিক স্তর থেকেই স্টেম শিক্ষার শক্ত ভিত্তি তৈরি করতে হবে।

জাপানের উন্নয়নের প্রসঙ্গ তুলে ববি হাজ্জাজ বলেন, মেইজি পুনর্গঠন থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের প্রতিটি ধাপে জাপান শিক্ষা, প্রযুক্তি, শৃঙ্খলা ও উদ্ভাবনে বিনিয়োগ করে এগিয়েছে। বাংলাদেশও সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায়।

তিনি বলেন, সরকার বর্তমানে প্রাথমিক শিক্ষায় শিখন সংকট মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিশুদের সাক্ষরতা, সংখ্যা জ্ঞান ও মৌলিক দক্ষতা নিশ্চিত করে তাদের জন্য একটি শক্ত শিক্ষা ভিত্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, স্টেম শিক্ষা বাস্তবায়নে সব সময় ব্যয়বহুল প্রযুক্তির প্রয়োজন হয় না। একটি গাছ লাগানো, স্থানীয় পানির মান পরীক্ষা, বৃষ্টিপাত পরিমাপ, কাগজ দিয়ে সেতু নির্মাণ কিংবা নিজ এলাকার রাস্তা ও ড্রেনেজ সমস্যার প্রকৌশলভিত্তিক সমাধান খোঁজার মতো কার্যক্রমও কার্যকর স্টেম শিক্ষার অংশ হতে পারে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে দেশে গণিত ল্যাব, বিজ্ঞান ক্লাব ও মৌলিক রোবোটিক্স শিক্ষার বিস্তার ঘটানো হবে। পাশাপাশি শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে স্টেম শিক্ষা পরিচালনার সক্ষমতাও বাড়ানো হবে।

এ সময় প্রতিমন্ত্রী আরটেক, অক্টোব্রেইন, আয়োজক, অংশগ্রহণকারী ও আন্তর্জাতিক প্রতিনিধিদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ওসাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রশাসনের প্রতিনিধি, শিক্ষা-প্রযুক্তি বিশেষজ্ঞ, আন্তর্জাতিক অতিথি এবং আরটেক ও অক্টোব্রেইনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/আইকে

source: Barta Bazar

Leave a Reply

Back to top button