News

টিনের চালে আটকে থাকা বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি মাদ্রাসার টিনের চালে আটকে থাকা ক্রিকেট বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন (১০) নামে এক হেফজ বিভাগের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাসুমা ফাউন্ডেশন তালিমুল কুরআন মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন উপজেলার পূর্ব কলাউজান ৮ নম্বর ওয়ার্ডের মিয়াজীপাড়ার মো. ফারুকের ছেলে। তিনি ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, সকালে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার সময় ক্রিকেট বলটি মাদ্রাসার টিনের চালে আটকে যায়। বলটি আনতে টিনের চালে উঠলে সেখানে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে মাদ্রাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, টিনের চালে আটকে থাকা ক্রিকেট বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button