আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, শনিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এক বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাসরি অংশগ্রহণ করার নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় আজ রোববারের বৈঠকে বিরোধীদলীয় জোটের একক প্রার্থী হিসেবে কর্নেল অলি আহমদের নাম চূড়ান্ত করা হলো।
আজকের এই বিশেষ নীতি-নির্ধারণী বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য শীর্ষস্থানীয় সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন পাওয়ার পর জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বজায় রাখতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে এই হেভিওয়েট প্রার্থীকে বেছে নেওয়া হয়েছে। অলি আহমদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন জোটের নেতারা।
source: Azadir Dak