News

‘রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত’

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হলে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হয়। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে গণতান্ত্রিক ধারার সুস্থ চর্চা ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তাঁর ভাষায় বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হলে গণতান্ত্রিক চর্চা থাকে না। আমরা গণতান্ত্রিক ধারার সুস্থ চর্চা ফিরিয়ে আনতে চাই।’বিএনপির ভূমিকার সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, রাষ্ট্র ও জনগণের সঙ্গে বিএনপির যে ‘দ্বিচারিতা’ রয়েছে, তা জনগণের সামনে তুলে ধরতে চান তারা।

গণভোট প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, গণভোট বাস্তবায়ন করা হলে গণতন্ত্রের সঠিক প্রতিফলন ঘটত। সংবিধানের বর্তমান ব্যবস্থার কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, জুলাই সনদ বাস্তবায়ন হলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেতেন।

সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদের প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, ‘অলি আহমদ এমন একজন মানুষ, যাকে নিয়ে কোনো বিতর্ক নেই। গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে অবাধ ও সুস্থ রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

এর আগে জামায়াতে ইসলামীর ১১ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমদের সঙ্গে বৈঠক করে।

আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button