News

পুরান ঢাকায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার বংশাল চৌরাস্তা সংলগ্ন মুকিমবাজার এলাকায় একটি বহুতল ভবনের হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, মুকিমবাজারের একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর পান তারা। খবর পাওয়ার পরপরই সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে একে একে সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। প্রায় দুই ঘণ্টার ফায়ার ফাইটিং অভিযানের পর রাত প্রায় ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি; বিষয়টি অনুসন্ধানের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button