News

সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই

সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফীক নাওয়াজ মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ও অন্যান্য তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে জানান, ‘রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।’

তৌফীক নাওয়াজের জানাজা ও দাফনের স্থান-সময় বুধবার দুপুরের পর পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানান জে আর ওয়াদুদ টিপু।

ব্যারিস্টার তৌফীক নাওয়াজ পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। আইন পেশার পাশাপাশি তিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

জানা যায়, ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হন তৌফীক নাওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

এদিকে, জুলাই অভ্যুত্থান ঘিরে দায়ের হওয়া একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন দীপু মনি।

এর আগে, মঙ্গলবার রাতে কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার গণমাধ্যমকে বলেন, ‘উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।’

ব্যারিস্টার তৌফীক নাওয়াজের মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button