News

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিএনপি কাজ করছে

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিএনপি ব্যাপকভাবে কাজ করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের জীবন ও পরিবেশের ঝুঁকি ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

বুধবার দুপুরে রাজধানীর ৩০০ ফিট সড়কের বসুন্ধরা কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেছেন। এ কারণে দলের পক্ষ থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। বিএনপির ৩১ দফা কর্মসূচি ও নির্বাচনী ইশতেহারেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং তা মোকাবিলায় করণীয় তুলে ধরা হয়েছে। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ‘ভিশন-২০৩০’-এও পরিবেশ ও জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দেওয়া হয়েছিল।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, দেশের জলাভূমি, নদী, নালা, খাল ও বিল পুনঃখননের পাশাপাশি এসব জলাধারকে দূষণমুক্ত রাখতে হবে। বিভিন্ন শিল্পকারখানার রাসায়নিক ও বিষাক্ত বর্জ্যে দেশের জলাশয় ও নদ-নদী দূষিত হচ্ছে। পরিবেশ রক্ষায় এসব দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

রিজভী জানান, সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। এর অংশ হিসেবে গত ছয় মাসে নির্ধারিত আড়াই কোটি গাছের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় তিন কোটি বৃক্ষ রোপণ করা হয়েছে।

বৃক্ষের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘বৃক্ষ হচ্ছে পৃথিবীর প্রকৃতির ড্রয়িংরুম।’ মানুষ যেমন নিজের ঘর সাজায়, তেমনি বৃক্ষের মাধ্যমে পৃথিবীকেও সাজানো যায়। বৃক্ষ যত সতেজ হয়ে বেড়ে উঠবে, পরিবেশ তত নির্মল হবে এবং মানুষ বিশুদ্ধ অক্সিজেন পাবে।

৩০০ ফিট এলাকায় নিম ও কৃষ্ণচূড়া গাছ লাগানোর কথা উল্লেখ করে রিজভী বলেন, নিম পরিবেশবান্ধব একটি বৃক্ষ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবেশ ও বৃক্ষরোপণ উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সৌদি আরবের আরাফাত ময়দানে নিমগাছ লাগানোর উদ্যোগও পরিবেশ সচেতনতার একটি অনন্য দৃষ্টান্ত।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button