News

অক্ষয় কুমারের জনপ্রিয় মিম ব্যবহার করে ট্রাম্পকে ব্যাঙ্গ করেছে ইরান

বলিউড তারকা অক্ষয় কুমারের জনপ্রিয় মিম ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যাঙ্গ করেছে তিউনিসিয়ায় ইরানি দূতাবাস।ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই এমন অভিনব কৌশলে ট্রাম্পকে খোঁচা দিয়েছে দেশটির কূটনৈতিক মিশন।

এর আগে ইরান দাবি করেছিল, হরমুজ প্রণালির কাছে তাদের বাহিনী যুক্তরাষ্ট্রের একটি ড্রোন আটক করেছিল। এই দাবির পরই তিউনিসিয়ায় ইরানি দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে অক্ষয় কুমারের মিমটি পোস্ট করা হয়।

মিমে অক্ষয় কুমারের কয়েকটি ব্যঙ্গাত্মক ও দুষ্টুমি ভরা অভিব্যক্তি ব্যবহার করা হয়েছে। আর ক্যাপশনে লেখা ছিল—‘ সাবমেরিন আটক। তেলের দাম ১০০ ডলারের কাছাকাছি। নির্বাচনও সামনে। কেমন চলছে, ট্রাম্প?’

অক্ষয় কুমারের বিভিন্ন বলিউড কমেডি সিনেমার মজার অভিব্যক্তিকে ব্যবহার করে ইরানি দূতাবাস মার্কিন সাবমেরিন আটক, তেলের দাম বৃদ্ধি এবং আসন্ন মার্কিন নির্বাচন—এই তিনটি বিষয়কে একসঙ্গে তুলে ধরে ট্রাম্পকে ব্যঙ্গ করেছে।

পোস্টটি এক্সে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী ইরানি দূতাবাসের এই কটাক্ষ, ইরান-যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা এবং বিশ্ববাজারে তেলের দামের সম্ভাব্য প্রভাব নিয়ে মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করতে ইরানের বলিউডকে ব্যবহার এবারই প্রথম নয়। এর আগে চলতি বছরের এপ্রিলেও মুম্বাইয়ে ইরানের কনস্যুলেট ‘ধামাল’ সিনেমার একটি দৃশ্য ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করেছিল। ওই দৃশ্যে রিতেশ দেশমুখের চরিত্রকে কয়েকজন ব্যক্তির কাছ থেকে পালিয়ে একটি দেয়ালহীন বাড়ির দরজার আড়ালে লুকাতে দেখা যায়।

সেই ভিডিওর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ইরানের তাড়া খাওয়া অবস্থায় দেখানোর চেষ্টা করা হয়। পোস্টের সঙ্গে লেখা হয়েছিল, ‘ভারতের মিম সর্বসেরা।’

ইরানি দূতাবাসের মিম ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় নানা রসিকতা।

এক ব্যবহারকারী মজা করে লেখেন, ‘ট্রাম্প যেন জানতে না পারেন এটি ভারতীয় মিম। তাহলে ভারতকে আবারও নিষেধাজ্ঞা দিতে পারেন!’

আরেকজন মন্তব্য করেন, এমন মিম শুধু ‘ইরান ইন ইন্ডিয়া’ অ্যাকাউন্টেই ব্যবহার করা উচিত।

অন্য একজন অক্ষয় কুমারকে মজা করে ‘ভূরাজনৈতিক সম্পদ’হিসেবে উল্লেখ করেন।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button