News
সংসদ সদস্যদের মোবাইল হ্যাক, ভয়েস ক্লোন ও স্বাক্ষর জাল করে প্রতারণা— চিফ হুইপের সতর্কবার্তা

জাতীয় সংসদ সদস্যদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক, ভয়েস ক্লোন এবং স্বাক্ষর জাল করে প্রতারণার ঘটনায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। একই সঙ্গে এ ধরনের প্রতারণা ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সময় সংসদ সদস্যদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান চিফ হুইপ।
বক্তব্যে চিফ হুইপ বলেন, “সম্প্রতি কয়েকজন সংসদ সদস্যের মোবাইল নম্বর ব্যবহার করে জরুরি ভিত্তিতে টাকা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। গতকালও তিনজন সংসদ সদস্য তাকে বিষয়টি জানিয়েছেন। তাদের নম্বর থেকে ৫০ হাজার, ৩০ হাজার ও ২৫ হাজার টাকা পাঠানোর অনুরোধ করা হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।”
চিফ হুইপ বলেন, “যাদের নম্বর থেকে এসেছে, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কল করেছিলাম কিন্তু ধরেনি। মানে মোবাইল নম্বর হ্যাক হয়েছে।”
আরও পড়ুন
সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, এ বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়া জরুরি। ভয়েস ক্লোন করে এবং বিভিন্ন কাগজপত্র ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে। কোথাও কোথাও স্বাক্ষর জাল করে নথি তৈরি করেও প্রতারণার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের সংসদ সদস্যরাও এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন।”
চিফ হুইপের বক্তব্যের পর ডেপুটি স্পিকার কায়সার কামাল বিষয়টি নিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার, সে প্রশ্ন তোলেন। তিনি বলেন, মোবাইল ক্লোন বা হ্যাকের শিকার ব্যক্তিরা এর জন্য দায়ী নন। এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নির্বাহী বিভাগ বা রাষ্ট্রের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
জবাবে চিফ হুইপ জানান, বিষয়টি নিয়ে আগের দিনই আলোচনা হয়েছে। প্রতারণা প্রতিরোধে বিটিআরসি ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
source: The Dhaka Diary