অবশেষে খুলল ওমানের শ্রমবাজার, প্রথম দফায় নেবে ১০ হাজার জন

বাংলাদেশিদের জন্য ফের খুলল ওমানের শ্রমবাজার। প্রথম ধাপে সর্বমোট ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী পেশায় লোকবল নেওয়ার বিষয়ে চুক্তি হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, চুক্তি স্বাক্ষরের পর বিষয়টি আরও বিস্তারিত চূড়ান্ত করতে আগামী মাসে ওমান সরকারের একটি প্রতিনিধি দল বাংলাদেশে সফরে আসছে, যেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ভিসা ও কর্মী প্রেরণের বিষয়টি চূড়ান্ত হবে।
ওমানে বর্তমানে বাংলাদেশি কর্মী ভিসা বন্ধ থাকার বিষয়ে শামা ওবায়েদ উল্লেখ করেন, বিগত সরকারের আমলেই নানা কারণে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল, যা নিরসনে বর্তমান সরকার জোরালো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়ে দক্ষ অভিবাসনের ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে। বাংলাদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ জনবল নেওয়ার বিষয়ে ওমান সরকারও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে এবং দুই দেশ এ নিয়ে একযোগে কাজ করছে।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে ভিসা সংক্রান্ত সংকট ও ‘অটো ক্যানসেলেশন’ জটিলতা নিয়ে প্রতিমন্ত্রী জানান, জুলাই আন্দোলনের সময় সেখানে বিক্ষোভ করে কারারুদ্ধ হওয়া দুই শতাধিক বাংলাদেশিকে সরকারের সফল কূটনৈতিক প্রচেষ্টায় দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে নথিপত্রের কিছু জটিলতার কারণে সাময়িক ভিসা সমস্যা রয়ে গেছে।
এটি শুধু বাংলাদেশের একক সমস্যা নয় উল্লেখ করে তিনি জানান, পাকিস্তান ও নেপালের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে আমিরাতের ভিসা জটিলতার দ্রুত সমাধান টানতে তৎপর রয়েছে।
source: The Daily Campus