News

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর কয়েকটি এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইন স্থানান্তর কাজের কারণে বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুপাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরের জন্য টাই-ইনের কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এই সময়ে বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ ও তালতলা মার্কেটসহ আশপাশের এলাকায় আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া সংলগ্ন এলাকাগুলোতেও সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button