News

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

জরুরি উন্নয়নকাজের জন্য আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) রংপুর ও রাজশাহী জেলার বেশ কয়েকটি এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) রাজশাহী ও রংপুর বিভাগের বিক্রয় ও বিতরণ কেন্দ্র থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে শুক্রবার সকাল ৮টা থেকে টানা ৯ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানিয়েছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনকাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা নেসকো রংপুর দপ্তরের ১১ কেভি মেডিকেল ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া একই দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে একই পোলে ডুয়েল সোর্স লাইন থাকায় গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা ১১ কেভি মেডিকেল ও আরকে রোড- ২টি ফিডারই বন্ধ থাকবে।

এদিকে শুক্রবার রাজশাহীর বেশকিছু এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকাগুলো হলো- রুয়েট ক্যাম্পাস, ভার্সিটি ক্যাম্পাস, সাগরপাড়া, বোষপাড়া, মুহাম্মদপুর টিকাপাড়া, খুলিপাড়া, সেখেরচক, পঞ্চবটি এবং তৎসংলগ্ন এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button