News

এমপিদের মোবাইল হ্যাক, সতর্ক করলেন চিফ হুইপ

সংসদ সদস্যদের (এমপি) মোবাইল ফোন হ্যাক, ভয়েস ক্লোন এবং স্বাক্ষর জাল করে প্রতারণার ঘটনায় সতর্ক করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে গিয়ে তিনি এ বিষয়ে এমপিদের সচেতন থাকার অনুরোধ করেন।

চিফ হুইপ বলেন, ‘আমাকে তিনজন সংসদ সদস্য বলেছেন, জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা পাঠান, ৩০ হাজার টাকা পাঠান, আবার ২৫ হাজার টাকা পাঠান। তিনটা নম্বর থেকেই এসেছে। যাদের নম্বর থেকে এসেছে, তাদের সঙ্গে যোগোযোগ করার চেষ্টা করেছি, কল করেছিলাম কিন্তু ধরেনি। মানে মোবাইল (নম্বর) হ্যাক হয়েছে।’

সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে চিফ হুইপ বলেন, ‘এ ব্যাপারে আমাদের যথেষ্ট সচেতন হওয়া জরুরি। বিষয়টি আপনারা জানলে সারা বাংলা জানবে বলে মনে করি। টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশ জানুক। ভয়েজ ক্লোন করে এবং কাগজপত্র নিয়ে কাজটা করছে, কিছু কিছু মানুষ স্বাক্ষর জাল করে একটি কাগজ হাজির করছে, সেটাও সমস্যা হয়েছে। বিরোধী দলের অনেক সদস্যের হয়েছে, সরকার দলের সদস্যদেরও হয়েছে।’

এ সময় চিফ হুইপকে উদ্দেশ করে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘বিষয়টি যখন ওঠালেন, প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের। সে বিষয়ে কিছু বলবেন না?’ তিনি বলেন, ‘প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের, নির্বাহী বিভাগ বা রাষ্ট্রের। সে বিষয়ে বলার থাকলে বলেন।’
তখন চিফ হুইপ বলেন, ‘বিষয়টি নিয়ে গতকাল (বুধবার) কথা হয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা বিটিআরসি শুরু করেছে। যাতে এ সমস্যার সমাধান করতে পারি।’
এর আগে পয়েন্ট অব অর্ডারে চিফ হুইপ আরও বলেন, ‘সব লবিতে ফেস রিডিং ডিভাইস রয়েছে। সেখানে ফেস রিডিং করা হয় না, সেখানে ১২০-২২ জন হয়। আমাকে সংসদ থেকে অবহিত করা হয়েছে যাতে সব সংসদ সদস্য ফেস রিডিং করে সংসদ কক্ষে ঢুকেন। আজকে যেন যাওয়ার সময় সব সদস্য ফেস রিডিং করে যান।’

শু/বার্তা বাজার

source: Barta Bazar

Leave a Reply

Back to top button