News

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন মির্জাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে।

সোমবার সকালে একটি বিশেষ মেডিকেল ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

সিঙ্গাপুরে ক্যাপ্টেন মহিউদ্দিনের বিশেষায়িত চিকিৎসা দেওয়া হবে। তার সঙ্গে একজন অ্যাটেনডেন্ট রয়েছেন। ফ্লাইটটিতে একটি চিকিৎসক দলও রয়েছে।

গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনাটি ঘটে। একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় ওই দুর্ঘটনায় ক্যাপ্টেন মহিউদ্দিন গুরুতর আহত হন। একই ঘটনায় দুই সেনাসদস্য নিহত হন।

দুর্ঘটনার পর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়।

নিহত দুই সেনাসদস্য হলেন রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের তাসনিম রিফাত এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবু বকর সিদ্দিক পিয়াস।

এদিকে ট্যাংকের ফায়ারিং অনুশীলনের সময় কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

এএম

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button