News

আ.লীগ সরকার মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করেছে: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শেখ হাসিনার সরকার মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি করেছে। তিনি বলেন, বড় প্রকল্পে বড় ধরনের দুর্নীতি করার সুযোগ তৈরি হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর শায়েস্তা খাঁ সড়কের শিল্পকলা একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবির।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করেছে। মেগা টাকা লুটপাট করেছে। কারণ মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি করা যায়।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। তার দাবি, এই অর্থ দিয়ে পদ্মা সেতুর মতো ১০ থেকে ১২টি সেতু নির্মাণ করা সম্ভব ছিল। ২০২৪ সালের অর্থনীতিবিষয়ক শ্বেতপত্রে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন ডলারের অবৈধ অর্থপ্রবাহের হিসাব তুলে ধরা হয়েছিল।

শিবির সভাপতি আরও বলেন, দেশের এমপি-মন্ত্রীদের সন্তানরা দেশে পড়াশোনা করেন না এবং তারা নিজেরাও চিকিৎসার জন্য বিদেশে যান। দেশের এমপি-মন্ত্রীদের সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার দিনকে তিনি দেশের উন্নতির সূচক হিসেবে উল্লেখ করেন।

মেধার সংকট নয়, দেশে সততা ও দেশপ্রেমের সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে মেধার কোনো সমস্যা নেই, সংকটও নেই। সংকট হচ্ছে সততা ও দেশপ্রেমের।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম ও মহানগর সেক্রেটারি আমজাদ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button