News

দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো প্রায় ১ টাকা ৩৩ পয়সা

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নামার দিনেই দেশীয় বাজারে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেনের দাম লিটারে একলাফে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। সোমবার (২১ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে নতুন এই দাম কার্যকর করার কথা জানানো হয়।

ঘোষিত নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হবে। গত মার্চ থেকে বিশ্ববাজারে তেলের ওঠানামা ও পরিবহন খরচ বৃদ্ধির মুখে দেশীয় বাজার স্থিতিশীল রাখতে গিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে বলে জানায় মন্ত্রণালয়। সংস্থাটির এই বিপুল ঘাটতি কাটিয়ে উঠতেই মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার।

অথচ একই দিনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনবিসি ও রয়টার্সের প্রতিবেদনে ফুটে উঠেছে সম্পূর্ণ উল্টো চিত্র। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ২.৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ ডলার ৭১ সেন্ট এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ২.১৪ শতাংশ কমে ৯৮ ডলার ১৫ সেন্টে নেমে এসেছে—যা ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। ব্যারেলপ্রতি দাম ১ ডলার ৮৭ সেন্ট কমায় বাংলাদেশি মুদ্রায় প্রতি লিটার ক্রুড অয়েলের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে প্রায় ১ টাকা ৩৩ পয়সা।

বিশ্লেষকদের মতে, নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক আলোচনার আশায় বিশ্ববাজারে জ্বালানির দাম কমেছে। এছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলেও বিকল্প পথ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাড়ায় মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক সরবরাহ প্রত্যাশার চেয়ে বেশ শক্তিশালী অবস্থায় রয়েছে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button