কুমিল্লায় ছিনতাই ও চাঁদা দাবির অভিযোগে জনতার হাতে ছাত্রদল নেতা আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩ লাখ টাকা ছিনতাই ও ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নাগাইশ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতিসহ দুই নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও নেটদুনিয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন—নাগাইশ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি গাজী নাঈম এবং উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মো. শাকিল সরকার। ৩ লাখ টাকা ছিনতাই ও ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে ক্ষুব্ধ এলাকাবাসী তাঁদের আটক করে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্থানীয় জনতাকে বলতে শোনা যায়, ৩ লাখ টাকা ছিনতাই এবং আরও ২ লাখ টাকা চাঁদা দাবি করার কারণেই ছাত্রদলের এই দুই নেতাকে তারা হাতেনাতে আটক করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল আহমেদ আখন্দ ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী।
অন্যদিকে অভিযুক্ত দুই ছাত্রদল নেতার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ঘটনাটির একটি ভিডিও ফেসবুকে তাঁদের নজরে এসেছে, তবে এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনো থানায় জমা পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
source: Azadir Dak