News

রাজনীতি নিষিদ্ধ নর্থ সাউথে ছাত্রদলের কমিটি: ক্যাম্পাসে উত্তেজনা ও চরম ক্ষোভ

রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও রাজধানীর স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ২৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গত জুলাই মাসে গঠিত এই কমিটিতে একজনকে সভাপতি এবং ২৩ জনকে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়টির নাম ব্যবহার করে কমিটি গঠন ও সার্বিক রাজনৈতিক তৎপরতা নিয়ে শিক্ষার্থীদের মনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

শিক্ষার্থীদের আপত্তির বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসের শান্তিময় পরিবেশ বজায় রাখার স্বার্থেই তাঁরা এই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। তবে তাঁদের এমন যুক্তিকে গ্রহণ করতে নারাজ সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও এনএসইউ-এর নাম ব্যবহারের বিষয়ে কঠোর বার্তা দিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদালয় প্রশাসন। রেজিস্ট্রার অফিস থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসের অভ্যন্তরে যেকোনো ধরণের রাজনৈতিক কর্মকাণ্ড সার্বিকভাবে নিষিদ্ধ। নির্দেশনায় আরও স্পষ্ট করা হয় যে, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির নাম, লোগো, প্রাঙ্গণ কিংবা সম্পত্তি ব্যবহার করার কোনো সুযোগ নেই।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও নর্থ সাউথ ইউনিভার্সিটির নাম ব্যবহার করে ছাত্রদলের কমিটি প্রকাশ এবং সরাসরি ক্যাম্পাসের ভেতরে রাজনৈতিক শোডাউন দেওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের শঙ্কা, রাজনৈতিক সংগঠনের এই উপস্থিতি বজায় থাকলে আগামী দিনে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ বিনষ্ট হওয়াসহ নানা ধরনের নিপীড়ন ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button