News

দুর্গাপূজায় হিন্দু কল্যাণ ট্রাস্ট অনুদান চাইলেন ৪ কোটি, প্রধানমন্ত্রী দিলেন ৫ কোটি 

প্রধানমন্ত্রী তারেক রহমান© সংগৃহীত

এ বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় অনুদান বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গাপূজার জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রধানমন্ত্রীর কাছে চার কোটি টাকা অনুদান চেয়েছিল। প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় বরাদ্দ দেওয়া হয়েছে পাঁচ কোটি টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবছর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে রাষ্ট্রীয় তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়। এবার সেই বরাদ্দের পরিমাণ এক কোটি টাকা বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ বছর বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবেও অনুদান বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দুই কোটি টাকা চেয়েছিল, প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় তাদের তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

গত ২৫ সেপ্টেম্বর ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা বা ভাদ্র পূর্ণিমা। এ উপলক্ষে কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্যও চাহিদার চেয়ে এক কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়।

অনুদানের পাশাপাশি এবছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটিও বাড়ছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে থাকবে সাধারণ ছুটি। পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস-আদালত খোলা থাকার কথা ছিল। কিন্তু আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত দিয়েছেন বলে জানা গেছে।

২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button