দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার

সনাতন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারের দুর্গাপূজায় পূজামণ্ডপগুলোর জন্য সরকারের পক্ষ থেকে পাঁচ কোটি টাকা অনুদান দেওয়া হবে, আগে যেটি ছিল সর্বোচ্চ ৪ কোটি। আর বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দেবে সরকার, আগে যেটি ছিল সর্বোচ্চ ২ কোটি টাকা।
মঙ্গলবার সরকারের এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।
ড. সালেহ শিবলী যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রী সতাতন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অতীতের কোনো সরকার এতো অনুদান দেয়নি। এটি প্রধানমন্ত্রীর অসাম্প্রদায়িক দেশ গড়ার পদক্ষেপের একটি অংশ। তিনি জানান, ২৬ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবরদান অনুষ্ঠানে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
আর বিজন কান্তি সরকার যুগান্তরকে বলেন, অতীতের যেকোনো সরকারের চেয়ে দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন তারেক রহমানের সরকার। সেই সঙ্গে পূজা উপলক্ষে ছুটিও বাড়ানো হয়েছে। টানা ৫ দিন সরকারি ছুটি ভোগ করার সুযোগ থাকছে এবার।
এর আগে আওয়ামী লীগ সরকারের সময় দুর্গাপূজায় বিভিন্ন মন্ডপের জন্য মাত্র ২ কোটি টাকা করে অনুদান দেওয়া হতো। অন্তর্বর্তী সরকারের সময় ৪ কোটি টাকা করা হয়। বিএনপি সরকার এবার ৫ কোটি টাকা করল।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এবার যুক্ত হলো আরও একদিন। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাহী আদেশে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটির অনুমোদন দেন। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর (বুধবার) সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এর পরের দুদিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার। এ দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি থাকবে।
ফলে দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এবার আর আলাদা করে কোনো ছুটি নেওয়ার প্রয়োজন হচ্ছে না। মঙ্গলবার থেকে শুরু হয়ে এই ছুটি শেষ হবে শনিবার।
source: Barta Bazar