টেকনাফে ইজিবাইকে মিলল অস্ত্রের বিশাল চালান

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক একটি সশস্ত্র ডাকাত দলের কাছে হস্তান্তরের সময় ইজিবাইকে বহন করা ভারী অস্ত্র, বিপুল গোলাবারুদ ও বিস্ফোরকের একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিজিবির ২ ব্যাটালিয়ন এসব মারাত্মক আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার নির্দেশনায় পরিচালিত এ অভিযানে একটি সন্দেহজনক ইজিবাইক থামিয়ে তিন আরোহীকে আটক করা হয়। পরে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালিয়ে ইজিবাইকে থাকা আলুর বস্তার ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা দুটি জি-থ্রি (G-3) রাইফেল, একটি বড় ও একটি ছোট দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি সেট এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
একই সাথে উদ্ধার করা চালানে চার কেজি শক্তিশালী বিস্ফোরক দ্রব্য, ককটেল বানানোর কাজে ব্যবহৃত ২৫টি জর্দার কৌটা এবং ২৫টি লাল স্কচটেপ পাওয়া যায়। আটক করা হয়েছে তিন পাচারকারীকে, তারা হলেন—কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উসমান বেলাল ও আনসার আলী এবং মোচনি ক্যাম্পের মো. মুসলিম।
বিজিবি জানিয়েছে, জব্দ করা এসব আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় একটি সশস্ত্র ডাকাত দলের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার সাথে জড়িত পুরো চক্রটিকে শনাক্ত করতে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
source: Azadir Dak