ফেনীর পথে প্রধানমন্ত্রী

ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গুলশানের বাসা থেকে সরকারপ্রধানের গাড়িবহর সড়কপথে যাত্রা করে।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রী দুপুর সাড়ে ১২টায় পরশুরামের খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন এবং শুভেচ্ছা বিনিময় করবেন।
পরে ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ করবেন প্রধানমন্ত্রী। এছাড়া জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
দুপুর ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
source: Daily Amar Desh