News

একাত্তরের পরাজিত শক্তি এখনো দেশবিরোধী ষড়যন্ত্র করছে: স্বাস্থ্যমন্ত্রী

একাত্তরের পরাজিত শক্তি আজও দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন।

বুধবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ শীর্ষক গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের বিরোধিতা করেছিল এবং মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিতে চেয়েছিল, সেই একই অপশক্তি আজও সক্রিয় রয়েছে। ঘরের সব বাধা উপেক্ষা করে বীর জনতা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিল। অথচ সেই স্বাধীনতাবিরোধী চক্র এখনো বসে নেই; তারা দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

প্রতিবেশী দেশে অবস্থানরত ফ্যাসিস্ট শক্তির তৎপরতার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্তের ওপারে বসে থাকা ফ্যাসিস্টরা সেখান থেকে উসকানি দিচ্ছে এবং তাদের দোসররা দেশে বসে সেই ষড়যন্ত্র বাস্তবায়নের অপচেষ্টা চালাচ্ছে। তারা আগামী ডিসেম্বরে সরকারের পতন ঘটানোর হুমকি দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী দেশে এইচআইভি সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি অসংক্রামক রোগের ক্রমবর্ধমান প্রবণতা মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button