সেপ্টেম্বরে নির্যাতনের শিকার ২৩৬ নারী ও কন্যাশিশু

চলতি বছরের সেপ্টেম্বরে সারা দেশে ২৩৬ জন নারী ও কন্যাশিশু ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। এ সময়ে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন চারজন এবং আহত হয়েছেন ৫২৭ জন।
শনিবার মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ (এইচআরএসএস) প্রকাশিত মাসিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
এইচআরএসএস প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, সেপ্টেম্বরে সারা দেশে ২৩৬ জন নারী ও কন্যাশিশু ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার অন্তত ৭৯ জন, যার ৬০ শতাংশই (৪৭ জন) অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরী। ১৩ জন নারী ও শিশু গণধর্ষণের শিকার হন এবং ধর্ষণের পর হত্যা করা হয় ৫ জনকে। অন্যদিকে, মাসজুড়ে নানা সহিংসতায় ৭৮ জন শিশু প্রাণ হারিয়েছে। পারিবারিক সহিংসতায় মারা গেছেন আরও ৪৩ জন নারী।
মাসজুড়ে ৬৮টি রাজনৈতিক সংঘাতের ঘটনায় ৪ জন নিহত এবং ৫২৭ জন আহত হয়েছেন। আগস্টের (৭০টি ঘটনায় ৭ জন নিহত ও ৫৩৬ জন আহত) তুলনায় সেপ্টেম্বরে সংঘাত ও প্রাণহানি কিছুটা কমলেও দলীয় কোন্দল থামেনি। কেবল বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই ঘটে ৩৫টি ঘটনা, যাতে ১ জন নিহত ও অন্তত ৩৪০ জন আহত হন। ৭টি বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষে আহত ৬১ জন, ৬টি বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে আহত ৪২ জন ও নিহত ১ জন, ২টি জামায়াত-আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় আহত ৩ জন ও নিহত ১ জন, ৩টি বিএনপি-এনসিপির মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ১৬ জন, ৭টি বিএনপি-অন্যান্য দলের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। বিভিন্ন দলের মধ্যে ৭টি ঘটনায় আহত হয়েছেন ৫০ জন ও নিহত ১ জন। নিহত ৪ জনের মধ্যে আওয়ামী লীগের ২ জন, বিএনপির ১ জন ও জামায়াতের ১ জন।
এ ছাড়া আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ৬৩টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা-লুটপাট চালানো হয়। যৌথ অভিযান ও বিশেষ অভিযানে ২৮৭টি ঘটনায় অন্তত ২১ হাজার ২০৮ জনকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলার দুর্বলতায় ৩৫টি মব সহিংসতার ঘটনায় ৯ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। বিভিন্ন কারাগারে ২১ জন বন্দির মৃত্যু হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ও নির্যাতনে মারা গেছেন ৩ জন। পরিত্যক্ত স্থান ও নদী-খাল থেকে উদ্ধার করা হয়েছে ৬৯টি লাশ। পাশাপাশি ৩৫ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।
এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, সামাজিক মাধ্যমে মতপ্রকাশে বাধা, মব সহিংসতা ও কারা হেফাজতে মৃত্যু নাগরিক অধিকারকে ক্ষুণ্ন করছে। মানবাধিকার রক্ষায় সরকারকে দ্রুত জবাবদিহিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
source: Daily Amar Desh