News

মদিনায় বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হুতি হামলার অভিযোগ সৌদির

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে। সৌদি নেতৃত্বাধীন জোট বৃহস্পতিবার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

সিএনএ জানায়, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, ২৯ সেপ্টেম্বর ভোর ৫টা ১১ মিনিটে মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণকেন্দ্রে একটি ড্রোন আঘাত হানে। তিনি বলেন, তদন্ত ও ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে হামলার সঙ্গে হুতি যোদ্ধাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। হামলায় বিদ্যুৎকেন্দ্রটির একটি ট্রান্সফরমার বন্ধ হয়ে যায়।

তবে এতে মদিনার পুরো বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে জোট।
আল-মালিকি জানান, ওই বিদ্যুৎকেন্দ্র থেকে মদিনার মহানবীর মসজিদে বিদ্যুৎ সরবরাহ করা হতো। তিনি এই হামলাকে সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে হামলার হুতিদের প্রচেষ্টার অংশ বলে দাবি করেন। তবে হুতি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, হুতিদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পবিত্র স্থানগুলোতে হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ আবারও অস্বীকার করেছেন।

ইয়েমেনের রাজধানী সানা ও লোহিত সাগরের উপকূলীয় এলাকার বড় অংশ হুতিদের নিয়ন্ত্রণে। ২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরব হস্তক্ষেপ করার পর থেকে হুতিরা সৌদি আরবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তবে মক্কা ও মদিনার মতো পবিত্র শহরে হামলার ঘটনা বিরল।

সৌদি আরব আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন করে। গত সেপ্টেম্বরের মাঝামাঝি সৌদি আরব হুতিদের বিরুদ্ধে মক্কায় ড্রোন হামলার অভিযোগ করেছিল।

তবে হুতিরা ওই অভিযোগও অস্বীকার করে। মদিনায় বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটি সৌদি আরবের প্রতি সমর্থনও জানিয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মদিনায় বেসামরিক অবকাঠামোর ওপর হুতিদের হামলার তীব্র নিন্দা জানানো হচ্ছে।
বিবৃতিতে আরো বলা হয়, এ ধরনের হামলা সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। একই সঙ্গে এসব হামলা মুসলিম বিশ্বের পবিত্র মূল্যবোধকে লক্ষ্য করছে বলেও উল্লেখ করা হয়। সৌদি আরবের প্রতি ‘পূর্ণ সংহতি’ জানিয়েছে সুদান। দেশটি সৌদি আরবের নিরাপত্তা এবং পবিত্র স্থানগুলো রক্ষার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে। সুদানের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলা ইসলামের পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করা এবং মুসলমানদের অনুভূতিতে আঘাত দেওয়ার হুতিদের ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ।

গত আগস্টে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে। তবে এখন পর্যন্ত সৌদি আরবে হুতিদের হামলার অভিযোগের বিষয়ে ইসলামাবাদ ও আঙ্কারা কোনো পদক্ষেপ নেয়নি।

শু

source: Barta Bazar

Back to top button