News

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান© সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে রওনা হবেন তিনি। পরে মোংলা থেকে সড়কপথে খুলনায় যাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
 
তিনি জানান, মোংলায় প্রধানমন্ত্রীর দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এ ছাড়া বাগেরহাট জেলা সদরে হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। মোংলার কর্মসূচি শেষ করে সড়কপথে খুলনায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
 
খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃণমূল পর্যায় থেকে সারা দেশের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় এ আয়োজন করেছে।
 
প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সাজানো হয়েছে স্টেডিয়াম ও আশপাশের সড়ক।
 
আরও পড়ুন
 
জেলা স্টেডিয়াম এবং আশপাশের এলাকায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর বর্ণিল ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে আঁকা হয়েছে বিভিন্ন ধরনের গ্রাফিতি।
 
এসব গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হয়েছে খুলনার ইতিহাস ও ঐতিহ্য। পাশাপাশি স্থান পেয়েছে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারের ছবি।
 
সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরীতে স্থাপন করা স্বাগত তোরণ ও বিলবোর্ড সরিয়ে নেওয়া হয়েছে। নেতা-কর্মীদের লাগানো ফেস্টুনও অপসারণ করা হয়েছে। ফলে এবার সরকারপ্রধানের আগমন উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে অতিরিক্ত তোরণ, ব্যানার ও ফেস্টুনের উপস্থিতি চোখে পড়ছে না। প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুরো খুলনা মহানগরীতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
 
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মহানগরীকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানাতে তারা অপেক্ষা করছেন।”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button