News

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা-ভাঙচুর মামলায় সাজ্জাদ গ্রেফতার

২০১৭ সালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় এজাহারভুক্ত পলাতক আসামি সাজ্জাদ আকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাজ্জাদ আকিব লাঙ্গলমোড়া গ্রামের জসীম উদ্দীনের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপাল ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপতৎপরতায় জড়িত থাকার তথ্যও রয়েছে।

সাজ্জাদ আকিবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানো হয়। ওই ঘটনায় বিএনপি নেতা সুলতান মুহাম্মদ সিকান্দার ভুট্টো বাদী হয়ে মামলা করেন।

ওসি আরও জানান, সেই মামলার এজাহারভুক্ত আসামি আকিবকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবারই তাঁকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. ইসমাঈল জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় এজাহারনামীয় ৯৫ জন আসামিকে গ্রেপ্তার করা হলো।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button