শিক্ষাব্যবস্থায় এআই ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের শিক্ষাব্যবস্থায় এআই ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের মানুষের জীবন ও অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে পারে।
আজ শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২ টায় ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, “ঢাকা কলেজ শুধু বাংলাদেশের নয়, সমগ্র উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামল, পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশে এ কলেজের শিক্ষার্থীরা প্রশাসন, রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বরাবরই মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন।”
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, তার ঢাকা কলেজে অধ্যয়নের সময়কাল ছিল ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল। তখন কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ছিল। তৎকালীন অধ্যক্ষ জালালউদ্দিন অত্যন্ত কঠোরভাবে এ নিষেধাজ্ঞা কার্যকর করতেন। তবে সেই পরিস্থিতিতেও শিক্ষার্থীরা গোপনে শহীদ মিনারে ফুল দিয়েছেন এবং সংগঠন করার চেষ্টা করেছেন।
ঢাকা কলেজের বর্তমান শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “কলেজের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন ও হোস্টেলের ব্যবস্থা নেই। ভালো লাইব্রেরি, গবেষণাগার এবং কম্পিউটার ব্যবহারের পর্যাপ্ত সুযোগও নেই। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিক্ষাপ্রতিষ্ঠানের এসব সমস্যার দ্রুত সমাধান করা প্রয়োজন।”
শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “ঢাকা কলেজকে তার ঐতিহ্য ও অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। যে সরকারই দায়িত্বে থাকুক, ঢাকা কলেজকে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত। কলেজটিকে আবারও শিক্ষার মানের দিক থেকে শীর্ষ অবস্থানে নিতে হবে।”
শিক্ষাব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “গ্রাম ও এলাকার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ও অবকাঠামো ভালো হলেও সেখানে পর্যাপ্ত শিক্ষক নেই। অনেক জায়গায় শিক্ষার্থীর সংখ্যাও কম। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে জাতীয় জীবনে কতটুকু ইতিবাচক অবদান পাওয়া যাচ্ছে, সেটিও মূল্যায়ন করা দরকার। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রকৃত অর্থে কতটুকু কার্যকর ভূমিকা রাখছে, তা পর্যালোচনার সময় এসেছে।”
প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে শিক্ষাব্যবস্থাকে খাপ খাইয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “বিশ্বে বড় ধরনের প্রযুক্তিগত বিপ্লব ঘটে গেছে। চতুর্থ শিল্পবিপ্লবের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের কাজ ও জ্ঞানচর্চার ধরন বদলে দিচ্ছে। নতুন প্রজন্ম এসব প্রযুক্তি ব্যবহারে আগ্রহী। তাই শিক্ষাব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে এসব প্রযুক্তি কীভাবে মানুষের কল্যাণে কাজে লাগানো যায়, সে বিষয়েও চিন্তা করতে হবে।”
তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষাব্যবস্থাকে উন্নয়ন ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। এ লক্ষ্যে তিনি একটি শিক্ষা কমিশন গঠন করেছিলেন। সেই কমিশনের প্রতিবেদন এখনো আছে কি না, তা খুঁজে দেখার জন্য তিনি শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান। জিয়াউর রহমানের সময় শিক্ষার্থীদের মাধ্যমে নিরক্ষর মানুষকে সাক্ষরতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ কাজে অংশগ্রহণের জন্য এসএসসি পরীক্ষায় ৫০ নম্বর রাখার ব্যবস্থা করা হয়েছিল।”
শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, “শিক্ষকদের কাজ শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের চিন্তা, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণামনস্কতা ও সৃজনশীল চিন্তার পরিবেশ তৈরি করতে হবে। ঢাকা কলেজের ঐতিহ্য ও গৌরব ধরে রাখতে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।”
দেশের গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। তারা সমাজ ও রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন চেয়েছেন। একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারে।”
তিনি বলেন, “স্বাধীনতার এত বছর পরও দেশের অনেক মৌলিক সমস্যার সমাধান হয়নি। এখনো আগুন-সন্ত্রাস, নিরীহ মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া এবং কলকারখানা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। নিজেদের ধ্বংস করে কোনো জাতি উন্নতির লক্ষ্যে পৌঁছাতে পারে না।”
ঢাকা কলেজের শিক্ষার্থীসংখ্যা বৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “তাদের সময়ে কলেজে শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় দুই হাজার। এখন তা বেড়ে কমপক্ষে ১৭ হাজার হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের চাহিদা ও প্রয়োজনও বেড়েছে। এসব চাহিদা পূরণে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।”
ঢাকা কলেজের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বাজেটের অভাব নেই। এখন প্রয়োজন উদ্যোগ ও কাজের অগ্রগতি। কলেজের শিক্ষার পরিবেশ উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।” এ ক্ষেত্রে তিনি নিজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
source: The Dhaka Diary