চকরিয়া থানার আলোচিত ওসি আরিফসহ ৭ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা

কক্সবাজারের চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ও একই থানার ৬ পুলিশ সদস্য ও কথিত এক সোর্সের বিরুদ্ধে প্রবাসীর ঘর লুটপাট ও ডাকাতি কাণ্ডে মামলা করেছেন ভুক্তভোগী পরিবার।
আজ সোমবার (২৩ নভেম্বর) বান্দরবান জেলার লামা উপজেলার সিনিয়র জুডিশিয়াল আদালতে এই মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায় যে, পার্বত্য বান্দরবানের লামা উপজেলাধীন ফাইতং এলাকায় গত ১৬ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১ টার পর থেকে ভোর ৪ টা পর্যন্ত রিয়াদ নামের এক প্রবাসীর নির্মাণাধীন ভবনে আসামি খোঁজার নামে রাস্তার উভয় পাশে বেরিকেট দিয়ে ভাঙচুর চালায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স। দীর্ঘ ভাঙচুরের পর নির্মাণাধীন ভবনের লোহার রড, দরজা, সিমেন্ট ও অন্যান্য নির্মাণ সামগ্রী ট্রাক ভরে নিয়ে যায়।
প্রবাসী রিয়াদ সৌদিতে বসবাস করলেও আসামি খোঁজার নামে এমন কাণ্ডে পুরো এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে খোদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে লামা উপজেলার ফাইতং এলাকায় পুলিশ ফাঁড়ির তিনশো গজের মধ্যে এমন ঘটনা ঘটলেও ফাঁড়ির ইনচার্জ কিছুই জানেন না বলে দাবি করেন।
তবে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অহিদর রহমান বলেছেন, এটি তৌহিদ নামের একজন শীর্ষ সন্ত্রাসীর বাড়ি। জমির কাগজ এবং এলাকাবাসীর দেওয়া তথ্য মতে এটি দীর্ঘ পাঁচ বছর ধরে সৌদি প্রবাসী রিয়াদের নতুন নির্মাণাধীন ভবন।
এদিকে মামলার বাদী আলম সাইর এমন ঘটনার বর্ণনা উল্লেখ করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ও এসআই শিমুল দাশ,এসআই তামিম, এসআই আবছার, এসআই মনির, এসআই নাছির, ও থানার কথিত সোর্স বাসুকে আসামি করে পার্বত্য বান্দরবানের লামা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলা নং সিআর ৩৪২/২৬। মামলাটি আমলে নিয়ে এসআরবির সিওকে তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন।
source: The Daily Campus