Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

কিরিচ নিয়ে ভাইরাল হওয়া সেই ছাত্রদল নেতা বললেন – অস্ত্রটি শিবিরের, আমি পুলিশকে দিতে যাচ্ছিলাম

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের সময় হাতে কিরিচ নিয়ে ভাইরাল হওয়া সেই যুবকের পরিচয় পাওয়া গেছে। নীল শার্ট পরিহিত ওই যুবকের নাম মির্জা ফারুক। তিনি ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। তবে হাতে কিরিচ থাকার বিষয়টি স্বীকার করলেও সেটি নিজের অস্ত্র নয় বলে দাবি করেছেন তিনি।

বুধবার (২২ এপ্রিল) নগরের স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে মির্জা ফারুক দাবি করেন, ভাইরাল হওয়া কিরিচটি আসলে ছাত্রশিবিরের কর্মীদের।

তিনি বলেন, 'তারা (শিবির) যখন আমাদের ওপর হামলা করে, আমরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলি। আমাদের প্রতিরোধের মুখে তারা অস্ত্রটি রাস্তায় ফেলে পালিয়ে যায়। আমি সেটি কুড়িয়ে নিয়ে পুলিশকে দিতে যাচ্ছিলাম। সেই সময় তারা কিছু ছবি তুলে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।' এ ধরনের 'নোংরা রাজনীতি'র নিন্দা জানিয়ে তিনি বিষয়টিতে দুঃখ প্রকাশ করেন।

এর আগে, মঙ্গলবার সিটি কলেজের দেয়ালের গ্রাফিতিতে 'ছাত্র' শব্দ মুছে 'গুপ্ত' লেখা নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, অনেকেই মাথায় হেলমেট, হাতে লাঠিসোটা, পাথর এবং দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করছেন। এর মধ্যে নীল শার্ট পরিহিত মির্জা ফারুকের হাতে কিরিচ থাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত ভিডিওতে থাকা অন্যান্য অস্ত্রধারীদের চিহ্নিত করতে পারেনি।

সিটি কলেজ ক্যাম্পাসটি কয়েক দশক ধরে ছাত্রলীগের নিয়ন্ত্রণে থাকলেও ৫ আগস্টের পর সেখানে ছাত্রদল ও ছাত্রশিবির সক্রিয় হয়। ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব গত মঙ্গলবারের সংঘর্ষে চরম রূপ নেয়। এই সংঘাতের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন স্থানীয় এক ওয়ার্ড শিবিরের সভাপতি ও সংগঠনটির সাথি আশরাফুল ইসলাম। ধারালো অস্ত্রের আঘাতে তার একটি পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য বুধবার বিকেলে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Leave a Reply

Back to top button