Bd বাংলাদেশ

বাস ভাড়া ও তেলের দাম বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে: পরিবহনমন্ত্রী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বাস ভাড়া বাড়ানো হয়নি, তেলের দামের সঙ্গে বাস ভাড়া সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পাচার ও ভর্তুকি এড়াতে তেলের দাম সমন্বয় করেছে সরকার।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যত্মরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, পাচার ও ভর্তুকি এড়াতে সরকার তেলের দাম সমন্বয় করেছে। তেলের দামের সঙ্গে বাস ভাড়াও সমন্বয় করা হয়েছে। যদি তেলের দাম আবার কমে যায় কোনো আলোচনা ছাড়াই ভাড়াও কমে যাবে। সেক্ষেত্রে বিআরটিএ থেকে প্রজ্ঞাপন জারি করলেই হবে। আর কোনো কর্তৃপক্ষের সঙ্গে বসার প্রয়োজন হবে না।

তবে শুধু ডিজেলচালিত বাসেই ভাড়া বাড়ানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, গ্যাসের ভাড়া যেহেতু বাড়েনি, অতএব গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়বে না। যদি বিচ্যুতি ঘটে আমাকে জানান, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বেড়ে যায় পরিবহন ভাড়াও। সরকারি সিদ্ধান্তে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে কার্যকর হয় বাস ও মিনিবাসের নতুন ভাড়া। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তঃজেলা রুটেও প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedhakadiary.com

Back to top button