Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ব্যানারে তারেক রহমানের ছবি না থাকায় ৪৫ মিনিট অবরুদ্ধ মন্ত্রী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ব্যানারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি না থাকার প্রতিবাদে পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাট এলাকায় বিএনপির কর্মী-সমর্থকদের অবরোধের মুখে পড়ে প্রায় ৪৫ মিনিট অবরুদ্ধ থাকেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় বিএনপি ও জামায়াত সমর্থকদের পাল্টাপাল্টি মিছিলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আজ মঙ্গলবার (১৯ মে) বেলা ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত বগা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নির্ধারিত সভাস্থলে না গিয়ে মন্ত্রী এলাকা ত্যাগ করেন। পরে ফেরি পার হয়ে চরগরবদি এলাকার একটি মাদ্রাসা মাঠে সমাবেশ করেন।

স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা যায়, পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম (মাসুদ) মন্ত্রীকে স্বাগত জানাতে বগা ফেরিঘাট এলাকায় একটি সভামঞ্চ প্রস্তুত করেন। ব্যানারে প্রধান অতিথি হিসেবে সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের নাম, বিশেষ অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নাম এবং সভাপতি হিসেবে শফিকুল ইসলাম মাসুদের নাম ছিল। তবে ব্যানারে কোনো রাজনৈতিক নেতার ছবি ছিল না।

দুপুর সাড়ে ১২টা থেকে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ নদীর পশ্চিম তীরে মন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন। বেলা ১টার দিকে ফেরিতে করে মন্ত্রীকে নিয়ে সভামঞ্চের দিকে যাওয়ার সময় বিএনপির কর্মী-সমর্থকেরা বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে তারা মন্ত্রীকে ঘিরে সড়কে অবস্থান নিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ সময় বিএনপি ও জামায়াতের সমর্থকদের পাল্টাপাল্টি মিছিলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মন্ত্রী সেখান থেকে চলে যান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম বলেন, বগা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর লেখা বাউফলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আদিরা বিনতে মাহামুদের চিঠি এবং টেলিভিশনে শিশুটির প্রচারিত সাক্ষাৎকার প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর সংশ্লিষ্ট দপ্তর, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী ও স্থানীয় সংসদ শফিকুল ইসলামের সঙ্গে আলোচনা করে বগা সেতু প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়।

তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতেই বগা সেতুর নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে। সভা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শিশু আদিরার হাতে উপহার সামগ্রী তুলে দেন মন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি প্রমুখ।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button