জুলাই বিপ্লব ২০২৪: দ্বিতীয় বার্ষিকীতে ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আগামী ১৯ জুলাই (রবিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন (আইসিজেআর-২, ২০২৬)। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ ডাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ এবং আরআইটি (RIT)-এর প্রতিনিধি ড. আকরাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জুলাই বিপ্লব ২০২৪-এর লিগ্যাসি: জবাবদিহি, সংস্কার ও বাংলাদেশের ভবিষ্যৎ’। দিনব্যাপী এই আয়োজনে জুলাই বিপ্লবের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক ও নীতিনির্ধারকেরা মতবিনিময় করবেন।
ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (আরআইটি), ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটি, কানাডার ইউনিভার্সিটি অব রেজিনা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর সাথে যুক্ত রয়েছে জাস্টিস ও মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজ।
সম্মেলনের উদ্বোধনী পর্বে জুলাই আন্দোলনের শহীদ জাবির ইব্রাহিমের মা ও সংসদ সদস্য রোকেয়া বেগম তাঁর অনুভূতি ব্যক্ত করবেন। উদ্বোধনী বক্তব্য দেবেন আইসিজেআর-২-এর আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য ড. আনম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসাইন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সিরিয়াবিষয়ক প্রতিনিধি হুমা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম এবং সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে তৎকালীন প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের অধ্যাপক ড. নিয়াজ আসাদুল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. খ. ম. কবিরুল ইসলামসহ দেশী-বিদেশী বিশেষজ্ঞ ও আইনজীবীরা অংশ নেবেন। সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অংশগ্রহণে একটি বিশেষ প্রোটোকল সেশনও অনুষ্ঠিত হবে।
পাঁচটিরও বেশি প্যানেল আলোচনায় অংশ নেবেন ১৫ জনের বেশি আন্তর্জাতিক ও স্থানীয় বিশেষজ্ঞ। প্রথম প্লেনারি অধিবেশনে সভাপতিত্ব করবেন আরআইটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। সম্মেলনের ঘোষণা উপস্থাপন করবেন কানাডার ইউনিভার্সিটি অব রেজিনার সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুল্লাহ এবং সমাপনী বক্তব্য দেবেন আরআইটির নির্বাহী পরিচালক ড. একরাম উদ্দিন।
মূল আলোচনার পাশাপাশি সম্মেলনে বাছাই করা ৮০টি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র উপস্থাপন করা হবে। আয়োজকেরা আশা প্রকাশ করেছেন, জুলাই বিপ্লবের অপূর্ণ কাজ, জবাবদিহি, প্রাতিষ্ঠানিক সংস্কার, মানবাধিকার সুরক্ষা এবং বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে তথ্য ও গবেষণাভিত্তিক আলোচনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে এই সম্মেলন।
source: Azadir Dak

