চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন:মীর শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “স্থানীয় সরকারের পাঁচটি স্তর রয়েছে। চলতি অর্থবছরের মধ্যেই সব স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য সরকারের।” তিনি জানান, আগস্টের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন বৈঠক করে কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গেও কথা বলেন মীর শাহে আলম। তিনি বলেন, “শেখ হাসিনার সরাসরি দেশে ফেরার কোনো সুযোগ নেই। তার বিরুদ্ধে ইতোমধ্যে রায় হয়েছে। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে।” তিনি আরও বলেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর হবে।
সিলেট সিটি করপোরেশনের কার্যক্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, দেশের অন্যান্য অনেক নগরের তুলনায় সিলেট পরিচ্ছন্ন। বিশেষ করে খাল খনন এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সিটি করপোরেশন ভালো কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
source: The Dhaka Diary