News

সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও বাধ্যতামূলক গণভোট

সংগৃহীত
সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং কিছু সাংবিধানিক সংশোধনের ক্ষেত্রে বাধ্যতামূলক গণভোটের বিধান ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।
 
মঙ্গলবার (৬ অক্টোবর) সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
 
সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর ভিত্তিতেই সংবিধান সংশোধনের বিল সংসদে উপস্থাপন করা হবে। সনদে রাজনৈতিক দলগুলো নোট অব ডিসেন্টসহ যেভাবে স্বাক্ষর করেছে, সরকার সেভাবেই তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
 
তিনি জানান, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি সাংবিধানিক সংশোধনের ক্ষেত্রে জনগণের মতামত নিশ্চিত করতে বাধ্যতামূলক গণভোটের বিধান পুনর্বহাল করা হবে।
 
 জুলাই যোদ্ধাদের সুরক্ষার উদ্যোগ
 
জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্বীকৃতি সংবিধানে অন্তর্ভুক্ত করার পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ আইনি ও সাংবিধানিক সুরক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
 
তিনি বলেন, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সাংবিধানিক সুরক্ষা দিতে সংবিধানের তফসিলে সুনির্দিষ্ট জায়গা নির্ধারণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন প্রস্তাব লিখিতভাবে লিপিবদ্ধ করেছে কমিটি।
 
বৈঠকে শহীদদের মা-বাবা, ভাই এবং আহত জুলাই যোদ্ধাদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্রের প্রাসঙ্গিক বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
 
 কোন বিষয়ে গণভোট
 
সংবিধানে গণভোট ফিরিয়ে আনার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এবার যে গণভোটের বিধান আনা হচ্ছে তা সাংবিধানিকভাবে বাধ্যতামূলক হবে।
 
প্রস্তাবনা, সংবিধানের ৮ অনুচ্ছেদে উল্লিখিত মূলনীতি, ৪৮ ও ৫৬ অনুচ্ছেদ এবং তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মৌলিক পরিবর্তন আনা হলে রাষ্ট্রপতির অনুমোদনের আগে জনগণের মতামত নিতে গণভোট আয়োজন করতে হবে বলে জানান তিনি।
 
তার ভাষ্য, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ১৪২ অনুচ্ছেদ থেকে গণভোটের বিধান বাদ দেওয়া হয়েছিল। পরে হাইকোর্ট ওই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছে। নতুন সংশোধনের মাধ্যমে বিষয়টি স্পষ্টভাবে সংবিধানে প্রতিস্থাপন করা হবে।
 
 তত্ত্বাবধায়ক সরকারে কাঠামো এখনও চূড়ান্ত নয়
 
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও ১৯৯৬ বা ২০০৬ সালের কাঠামো হুবহু অনুসরণ করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
 
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এবং কী প্রক্রিয়ায় এই সরকার গঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বিচারক, সাবেক বিচারপতি, সংবিধান বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের মতামত নেওয়া হচ্ছে।
 
তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব রাষ্ট্রপতির ওপর দেওয়ার বিষয়টি অতীতে বিতর্কিত হওয়ায় সেটিকে শেষ বিকল্প হিসেবে রাখার পক্ষপাতী নয় সরকার বলেও জানান তিনি।
 
জুলাইয়ের বিচার দ্রুত করার দাবি
 
বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার দ্রুত করার দাবিও উঠেছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিচারের ক্ষেত্রে তদন্ত, প্রসিকিউশন ও চার্জ গঠনের মতো বিচার-সহায়ক কার্যক্রম দ্রুত শেষ করার বিষয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
 
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ‘জুলাই জাতীয় সনদে’ যেভাবে সম্মতি দিয়েছে, সরকার সেভাবেই এটি বাস্তবায়ন করবে। নোট অব ডিসেন্টসহ সনদে যে ঐকমত্য হয়েছে, তার ভিত্তিতেই জাতীয় স্বার্থ ও নির্বাচনী অঙ্গীকারগুলো বিবেচনায় নিয়ে একটি সর্বজনগ্রাহ্য সংশোধনী বিল সংসদে উপস্থাপন করা হবে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button