বিএনপি তার আসল চরিত্র দেখিয়ে দিচ্ছে, বললেন মির্জা গালিব

সরকারের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত এবং দলটির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে স্থবিরতা নিয়ে ফেসবুকে কড়া সমালোচনা করে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশি গবেষক ও শিক্ষাবিদ ড. মির্জা গালিব। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক। সেখানে তিনি পিএসসিতে নতুন সদস্য নিয়োগ, বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার উদ্যোগ এবং বিএনপির পুরোনো রাজনৈতিক ধারায় ফিরে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলোর কঠোর সমালোচনা করেন। পিএসসিতে নিয়োগ ও ৩১ দফার বরখেলাপ প্রসঙ্গে মির্জা গালিব উল্লেখ করেন, গত ৬ তারিখ সরকার পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) চারজন নতুন সদস্য নিয়োগ দিয়েছে। অথচ বিরোধী দলে থাকাকালীন বিএনপি তাদের ৩১ দফা কর্মসূচির ৯ম দফায় প্রতিশ্রুতি দিয়েছিল যে, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে সংকীর্ণ দলীয়করণের ঊর্ধ্বে উঠে সংসদীয় কমিটির শুনানির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষমতার যাওয়ার পরে দলটির নিজেদের ওয়াদারই আর কোনো দাম নেই।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সরকারি উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, এসব কমিটিতে মূলত সরকারি দলের প্রভাবশালী নেতারাই থাকেন। ফলে তাদের মর্জিমতোই শিক্ষক নিয়োগ হবে, যা মেধাভিত্তিক ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার পরিপন্থি।
এ দুটি ঘটনাকে সরকারের পুরোনো রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, এ দুটি ঘটনা খুব স্পষ্টভাবে আমাদের বিএনপি সরকারের চরিত্র দেখিয়ে দিচ্ছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন তো করবেই না, তার নিজের ৩১ দফাও বাস্তবায়ন করবে না। দলীয়করণ এবং ক্ষমতাচর্চার পুরোনো বৃত্ত থেকে বের হওয়ার কোনো সদিচ্ছা তাদের নেই।
ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি আরও প্রশ্ন রাখেন, ‘মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিব যেমন করে দেশটাকে বাকশালের দিকে নিয়ে গিয়েছিলেন, জুলাইয়ের পরে তারেক রহমানও কি তেমনভাবেই দেশটাকে পুরোনো নষ্ট রাজনীতির দিকেই নিয়ে যাবেন? হাসিনাতন্ত্রের এত লম্বা জুলুমের পরেও কি আবার উলটা দিকেই হাঁটবে বিএনপি?’
সবশেষে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে কটাক্ষ করে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাদের ৩১ দফা কই? বাস্তবায়ন না করলে জুলাই জাদুঘরে একটা কপি রেখে দিয়েন প্লিজ!’
source: Daily Amar Desh