News

কৃষক কার্ডের মাধ্যমে জানা যাবে, আগামীকাল বৃষ্টি হবে কি না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান।© সংগৃহীত

কৃষক কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে জানা যাবে আগামীকাল বৃষ্টি হবে কি, হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (২০ অক্টোবর ) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এসময় জনসভায় ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য মোট ১২ কোটি টাকার প্রণোদনা বরাদ্দের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে ডিজিটাল বোতাম চেপে একযোগে প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে জনসভায় উপস্থিত হাজারো মানুষও সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেন।

কৃষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন,“কৃষক কার্ডের মাধ্যমে আপনার মোবাইল ফোনে এসে আপনি যদি জানতে চান, আপনি জানতে পারবেন আগামীকাল আপনার এখানে বৃষ্টি হবে কি, হবে না। তার ফলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, বীজ বপন করবেন নাকি সার দেবেন, কোন কাজটি আপনি করবেন আপনি জানতে পারবেন। এরকম ১০টি সুবিধা থাকবে কৃষক কার্ডে।”

আরও পড়ুন

তিনি বলেন,“আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে, বিএনপি সরকার গঠন করলে এই দেশে কৃষক ভাইসহ সমগ্র দেশের মানুষের, বিভিন্ন বিশেষ করে গ্রামে-গঞ্জে সকল  বহু মানুষের পানির কষ্ট হয়। সমগ্র বাংলাদেশের উত্তরাঞ্চল হচ্ছে দেশের শস্যভাণ্ডার, এখানে যেমন হয় অন্যান্য অঞ্চলে হয় না। শহীদ জিয়ার সময় খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল। বরেন্দ্র প্রকল্প শহীদ জিয়ার সময়ে কার্যকারিতা লাভ করেছিল। আমরা সেই জন্য বলেছিলাম, আমরা সরকার গঠন করলে কৃষক ভাইয়েরা যাতে সঠিকভাবে সেচ সুবিধা পায়, সঠিকভাবে পানি পায়, গ্রামের ভিতরে মা-বোনেরা যাতে দূর থেকে কষ্ট করে পানি আনতে না হয়, সেইজন্য সমগ্র দেশে আমরা আবার খাল খনন এবং নদী সংস্কার বা নদী খনন কর্মসূচি শুরু করব। আল্লাহর রহমতে আমরা সেই কাজও আমাদের শুরু করেছি।”

তারেক রহমান বলেন,“আগামী পাঁচ বছরে আমরা ২০ হাজার কিলোমিটার খাল খনন করব। এর মধ্যেই প্রায় ৮০০ কিলোমিটার খাল গত ৮ মাসে আমরা খনন কার্য সম্পন্ন করেছি। এই কাজ করার মাধ্যমে একদিকে যেরকম কৃষক ভাইয়েরা পানির সুবিধা পাবে, সেচের সুবিধা পাবে। একইভাবে রাজশাহীর মানুষ জানে কিভাবে এখানকার ভূগর্ভস্থ পানি কত নিচে নেমে গিয়েছে। বহু মানুষের সেই জন্য পানির কষ্ট হয়। সেই পানিও ধীরে ধীরে ধীরে আবার রিচার্জ হবে এখানে।”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button