News

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই হবে আজ

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতি পদে তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র রয়েছে। আজ রবিবার (১৬ আগস্ট) এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে ইসি।

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়। ওই দিন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি।

আখতার আহমেদ বলেন, রবিবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। এ সময় সংসদ সচিবালয়ের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। তারা প্রার্থীদের স্বাক্ষর যাচাই করবেন।

অলি আহমদের দুটি মনোনয়নপত্রের বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব বলেন, ‘এটা তো আমাদের বিষয় না। আমরা বাছাই করব। প্রথমটা যদি বাতিল হয়, তখন দ্বিতীয়টা বাছাই করব।’ এর আগে গত ২৪ জুলাই বিকেল চারটার দিকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তিনি ছিলেন দেশের ২২তম রাষ্ট্রপতি। জাতীয় সংসদের স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্তাব

‘রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ’ শিরোনামে লেখা ওই পদত্যাগপত্র রাষ্ট্রপতির অফিসিয়াল প্যাডে লেখা হয়। এতে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের কথা জানান মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। এর ধারাবাহিকতায় গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ১৮ আগস্ট বিকেল চারটা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। এরপর ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে। ফলে যাচাই-বাছাই শেষে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলে ভোটগ্রহণের সুযোগ তৈরি হবে। সেক্ষেত্রে ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হতে পারে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button