News

ভারতকে আগে বাংলাদেশীদের সম্মান করতে হবে, তারপরে বন্ধুত্ব: শামসুজ্জামান দুদু

শামসুজ্জামান দুদু© সংগৃহীত ও সম্পাদিত
ভারতকে আগে হাসিনার সময়ে দেশে সংগঠিত গণহত্যার নিন্দা এবং বাংলাদেশের মানুষকে সম্মান করতে হবে; তারপরে হবে বন্ধুত্ব বা অন্য কিছু বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 
 
তিনি বলেছেন, ‘বন্ধুর দৃষ্টিতে অন্য দেশকে, বন্ধুর মতো যদি দেখা যায়, তাহলে অনেক সমস্যার খুব সহজে মীমাংসা হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে সেভাবে দেখা হয়েছে, আমার কাছে তা মনে হয় না। যার প্রেক্ষিতে যা ঘটার, সেটিই ঘটেছে।’
 
গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। 
 
ভিডিও বার্তায় শামসুজ্জামান দুদু বলেন, “শেখ হাসিনা সম্বন্ধে আমার ধারণা, ভারত যথাযথভাবে বুঝতে পারেনি। মানে, বাংলাদেশের প্রেক্ষাপটে তাকে আশ্রয় দিলে দেশের জনগণ কীভাবে এটা নেবে, এই ধারণাটা বোধ হয় পার্শ্ববর্তী দেশ বুঝতে পারেনি।’’
 
তিনি বলেন, “বুঝতে না পারার কারণে আজকে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে সম্পর্কটা বেশ কিছুটা অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। আমার ধারণা, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে ভারত যদি দেশের জনগণের কথা মাথায় রেখে একটু রাজনৈতিকভাবে ভাবত বা সিদ্ধান্তটা নিত; তাহলে বুঝতে পারত যে কী কী ঘটনার মুখোমুখি ভারতকে হতে হবে।”
 
বিএনপি নেতা বলেন, “এখন ভারত চাচ্ছে তারেক রহমানের সরকারের সঙ্গে এক ধরনের বন্ধুত্ব এবং বাংলাদেশের জনগণের সঙ্গে এক ধরনের বোঝাপড়া। কিন্তু বাংলাদেশের সবচেয়ে ক্ষতির কারণ যে মহিলাটি, এই শেখ হাসিনা—যিনি বাংলাদেশের শত শত মানুষকে গণঅভ্যুত্থানের সময়ে গণহত্যা করেছে এবং ১৮ বছরে দেশকে নিঃশেষ করে ফেলেছে। সেই মানুষটাকে উনারা বুকে তুলে নিলেন, একেবারে রাজকীয়ভাবে তাকে বরণ করে নিলেন।”
 
তিনি আরও বলেন, “এই বরণ করার ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, ভারত বাংলাদেশের মানুষকে গুরুত্ব দেয়নি। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে যে সংগ্রাম, শত শত মানুষ শহীদ হয়েছেন, তারা নানামুখী নির্যাতনের শিকার হয়েছেন—এই বিষয়টি তারা একেবারেই আমলে নেননি।”
 
শামসুজ্জামান দুদু বলেন, “যদি আমলে না নেন, তাহলে পরে বন্ধুত্ব হয় কী করে? বন্ধুর দৃষ্টিতে অন্য দেশকে, বন্ধুর মতো যদি দেখা যায়, তাহলে অনেক সমস্যার খুব সহজে মীমাংসা হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে সেভাবে দেখা হয়েছে, আমার কাছে তা মনে হয় না। যার প্রেক্ষিতে যা ঘটার, সেটিই ঘটেছে। ভারতকে আগে গণহত্যার নিন্দা করতে হবে এবং বাংলাদেশের মানুষকে সম্মান জানাতে হবে। তারপরে না অন্য কিছু।”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button