News
শপথ নিলেন নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে ছয়জন সদস্য যুক্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ অনুষ্ঠিত হয়। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথবাক্য পাঠ করান।
শপথ নেওয়া নতুন সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তাদের মধ্যে আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, এম রশিদুজ্জামান মিল্লাত ও সাচিং প্রু জেরী পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
শামীম কায়সার লিংকন সংসদ সদস্য হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। আর হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।
source: The Dhaka Diary