News
তিন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন ইএসডিওর নির্বাহী পরিচালক শহীদ উজ জামান

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক সহায়তা, স্থানীয় নেতৃত্বের সক্ষমতা, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়নের অভিজ্ঞতা তুলে ধরতে তিনটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং স্টার্ট বাংলাদেশ হাবের চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান।
নভেম্বর মাসজুড়ে তুরস্কের ইস্তাম্বুলে স্টার্ট নেটওয়ার্কের বার্ষিক অ্যাসেম্বলি, তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ এবং থাইল্যান্ডের ব্যাংককে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের এশিয়া আঞ্চলিক নেতৃত্ব দলের সভায় তার অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।
স্টার্ট নেটওয়ার্কের বার্ষিক অ্যাসেম্বলি
আগামী ৩ থেকে ৫ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে স্টার্ট নেটওয়ার্কের বার্ষিক অ্যাসেম্বলি। সম্মেলনে ড. শহীদ উজ জামান বাংলাদেশের মানবিক সহায়তা কার্যক্রমের প্রাতিষ্ঠানিক অগ্রগতি, স্থানীয় সংস্থাগুলোর নেতৃত্ব, দুর্যোগ মোকাবিলায় দেশীয় সম্পদের কার্যকর ব্যবহার এবং এনজিও-এমএফআই যৌথ তহবিল গঠনে স্টার্ট বাংলাদেশ হাবের উদ্যোগ ও অভিজ্ঞতা তুলে ধরবেন।
এ ছাড়া সফরের প্রথম দিন, ৩ নভেম্বর, নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভায় মেম্বার ট্রাস্টি পদে নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১
তুরস্কের আনতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১। এতে ৯ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সরাসরি অংশ নেবেন ড. শহীদ উজ জামান।
১৩ নভেম্বর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত (ক্ষয়ক্ষতি থেকে স্থানীয় সহনশীলতা) শীর্ষক বিশেষ অধিবেশনে ইএসডিওর পক্ষে মূল বক্তব্য উপস্থাপন করবেন তিনি।
আরও পড়ুন
পরদিন ১৪ নভেম্বর (তৃণমূলকেন্দ্রিক অভিযোজন ও জলবায়ু ন্যায়বিচার) শীর্ষক অধিবেশনে (ঝুঁকি থেকে সক্ষমতা অর্জন) শিরোনামে একটি গবেষণা উপস্থাপন করবেন। ড. মুহম্মদ শহীদ উজ জামান ও ড. সেলিমা আখতারের যৌথ গবেষণার ভিত্তিতে উপস্থাপনাটি তৈরি করা হয়েছে। গবেষণাটি ২০২৫ সালে আন্তর্জাতিক সাময়িকী এমওজে পাবলিক হেল্থ-এ প্রকাশিত হয়।
গবেষণায় জলবায়ু ঝুঁকিতে থাকা নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সম্পদ ও সেবায় প্রবেশাধিকার এবং লিঙ্গসংবেদনশীল অভিযোজন কৌশলের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
এ ছাড়া সম্মেলনের অন্যান্য অধিবেশনে সুন্দরবন অঞ্চলে স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে পরিচালিত লিঙ্গসংবেদনশীল প্রকৃতিভিত্তিক অভিযোজন (প্রকৃতি-ভিত্তিক অভিযোজন) নিয়েও নিজের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরবেন তিনি।
সেভ দ্য চিলড্রেনের এশিয়া আঞ্চলিক নেতৃত্ব দলের সভা
সফরের শেষ পর্যায়ে ১৬ থেকে ২০ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের আমন্ত্রণে এশিয়া আঞ্চলিক নেতৃত্ব দলের (আঞ্চলিক নেতৃত্ব দল–আরএলটি) সভায় যোগ দেবেন ড. শহীদ উজ জামান।
সভায় এশিয়া অঞ্চলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ইএসডিওর দীর্ঘদিনের উন্নয়ন অভিজ্ঞতা, উদ্ভাবনী উদ্যোগ এবং ভবিষ্যৎ কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা করবেন তিনি।
উল্লেখ্য, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ইএসডিও প্রায় চার দশক ধরে দারিদ্র্য বিমোচন, শিশু অধিকার সুরক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সুরক্ষা বেষ্টনী জোরদার, অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন ও জলবায়ু অভিযোজনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক এসব সম্মেলনে ড. মুহম্মদ শহীদ উজ জামানের অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক নীতি-নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও স্বার্থ তুলে ধরার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং নতুন আন্তর্জাতিক অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রেও এ সফর ভূমিকা রাখতে পারে।
source: The Dhaka Diary