News

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, ওসি প্রত্যাহার

রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন তেজগাঁও থানা পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এদিকে, স্বরাষ্টমন্ত্রী তেজগাঁও থানা পরিদর্শনের পর ওই থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি পল্টন থানার ওসিকেও প্রত্যাহার করা হয়েছে।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি থানা ভবনের বিভিন্ন ফ্লোরে অবস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস কক্ষ, হাজতখানা, পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাক ও ডাইনিং স্পেস (মেস) ঘুরে দেখেন।

ব্যারাক পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের খাবারের মান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে থানায় কর্মরত পুলিশ সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সময়সূচি এবং কাজের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

Amardesh_Home_minister

পরিদর্শনকালে থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গেও সরাসরি কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিডি (সাধারণ ডায়েরি) বা অভিযোগ দিতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন তিনি। তাদের অভিযোগ দ্রুততম সময়ে, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিষ্পত্তির জন্য থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের মূল কাজই হলো- জনগণের সুরক্ষা ও সেবা দেওয়া। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসাস্থল হতে হবে। নাগরিকরা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে থানায় আসতে পারেন এবং কোনো মাধ্যম ছাড়া নিজের সমস্যা সরাসরি জানাতে পারেন—আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

তিনি আরো বলেন, সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততার সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। থানায় আগত কোনো নাগরিক যেন হয়রানি বা অবহেলার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করে সংযুক্ত করা হয়। প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন- তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার ওসি (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান। আদেশে আরও বলা হয়, তাদের প্রত্যাহার ও সংযুক্তির আদেশ ২২ আগস্ট তারিখ থেকেই কার্যকর হবে। তাদের কেন প্রত্যাহার করা হয়েছে, তা প্রত্যাহারের আদেশে কিছু বলা হয়নি।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button