News

‘ইশকে মোস্তফা’য় মুখর টিএসসি, ‘তাজদারে হারাম’ থেকে ‘নবী মোর পরশ মণি’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ইশকে মোস্তফা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় টিএসসির ডাচ্ চত্বরে এ অনুষ্ঠান হয়।

এতে সিলসিলা ব্যান্ডের লুৎফর রহমান, নাজমুস সাকিব, দেলোয়ার ও সাইফুল্লাহ এককভাবে নাতে রাসুল (সা.) পরিবেশন করেন।

এসময় ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’, ‘তাজদারে হারাম’, ‘নবী মোর পরশ মণি’ ও ‘দে দে পাল তুলে দে’সহ বিভিন্ন নাতে রাসুল পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমীদ আল মুদাসসীর চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, ‘গ্রাম বাংলার ইতিহাস গলা ছেড়ে হামদ, নাত ও মিলাদের ইতিহাস। আমরা গ্রাম বাংলার সংস্কৃতিকে ধারণ করি। জাতীয় ছাত্রশক্তি সমাজে হামদ-নাত ও মিলাদের ইতিহাস আবার ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।’

নির্ধারিত সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হয়। পরে দাঁড়িয়ে মিলাদ হয়। মিলাদ শেষে উপস্থিতদের মধ্যে হালুয়া-রুটি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button