News

পিংক বাসে চালক নিয়োগ, আবেদন করবেন যেভাবে 

পিংক বাস© সংগৃহীত ও সম্পাদিত

নারীদের জন্য চালু করা ‘মহিলা বাস সার্ভিসে (পিংক বাস)’ অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ জন্য আগামী ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন ‘ওয়াক ইন ইন্টারভিউ’র মাধ্যমে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিআরটিসির মহাব্যবস্থাপক (আইসিডব্লিউএস ও ট্রেনিং) প্রকৌশলী ফাতেমা বেগমের আদেশক্রমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিআরটিসি জানায়, নারীদের সার্বক্ষণিক নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দ্বারা পরিচালিত শুধু নারী যাত্রীদের জন্য ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ চালু করা হয়েছে। এ সেবা পরিচালনার জন্য কিছুসংখ্যক নারী চালক অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ বা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে এবং উচ্চতা কমপক্ষে ৫ ফুট হতে হবে।

প্রার্থীর ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তবে বর্তমান ড্রাইভিং লাইসেন্স ভারী লাইসেন্সে রূপান্তরের সব শর্ত পূরণ করলেও প্রাথমিক পরীক্ষায় অংশ নেওয়া যাবে।

আগামী ৩০ আগস্ট, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি নিয়ে প্রার্থীদের বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরে সশরীরে উপস্থিত হয়ে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় (গাড়ি চালনা) অংশ নিতে হবে। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের ৭ দিন থেকে দুই মাস পর্যন্ত বিনা মূল্যে ভারী গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণকালীন চালকদের থাকা-খাওয়ার খরচ বিআরটিসি বহন করবে। প্রশিক্ষণ শেষে ‘রোড পারফরম্যান্স টেস্টে’ উত্তীর্ণ হলে করপোরেশনের প্রচলিত প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুযায়ী দৈনিক মজুরি ভিত্তিতে চালক পদে নিয়োগ দেওয়া হবে।

বিআরটিসি আরও জানায়, চূড়ান্ত নিয়োগের আগে কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়া হবে না। ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব প্রার্থী অগ্রাধিকার পাবেন।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button