News
সংসদ অধিবেশন থেকে বিরোধীদলের ওয়াকআউট

সংবিধান সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং বেসরকারি দিবসে সরকারি বিল উত্থাপনের প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জোটের এমপিরা এই ওয়াকআউট করেন।
ওয়াকআউটের আগে দেওয়া বক্তব্যে বিরোধীদলীয় নেতা জানান, দেশের বিদ্যুৎ-গ্যাসের তীব্র সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কারখানা বন্ধের মতো জনদুর্ভোগ নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির কাছে বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হলেও তা আমলে নেওয়া হয়নি।
আরও পড়ুন
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের ৭০ শতাংশের রায় পাওয়া ‘সংবিধান সংস্কার’ ইস্যুটিও অবহেলিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার বেসরকারি সদস্যদের দিবস হওয়া সত্ত্বেও সরকারি বিল উত্থাপনের উদ্যোগের সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, এটি বেসরকারি সদস্যদের অধিকার ক্ষুণ্ণ করেছে এবং সংসদকে একপেশে করে ফেলা হচ্ছে।
মানবাধিকার কমিশন, পুলিশ সংস্কার, নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ বাতিল (ল্যাপস) করার সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা নীতিগতভাবে এই ধরনের খণ্ডিত বিলে অংশগ্রহণ করতে চাই না। আমরা আশঙ্কা করছি, এর মাধ্যমে সংস্কারের মূল দাবিকে চাপা দেওয়া হবে।
আরও পড়ুন
সংস্কারের মূল দাবির পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করে তিনি ঘোষণা দেন, আমরা খণ্ডিত কোনো প্রক্রিয়ার অংশ হতে চাই না। তাই এই পর্বে আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি।
পরবর্তীতে জনস্বার্থে দেওয়া তাদের চারটি নোটিশ নিয়ে আলোচনার সুযোগ দেওয়া হলে আবার সংসদে যোগ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন বিরোধীদলীয় নেতা।
source: The Dhaka Diary