News

চাঁপাইনবাবগঞ্জের একটি বিদ্যালয় এমপিওভুক্তির উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত শ্যামাময়ী প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য প্রতিষ্ঠানটির এমপিওভুক্তির আবেদনপত্র সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অগ্রায়ন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. মো. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত শ্যামাময়ী প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আবেদনপত্রটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অগ্রায়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ উদ্যোগে শিবগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলে শিক্ষক-কর্মচারীদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button