News

পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন ছিল সচিব কমিটির সুপারিশ

জাতীয় বেতন কমিশনের প্রস্তাবের কিছুটা কাটছাঁট করে নতুন বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার। সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’-এ ২০টি গ্রেড রাখা হয়েছে। তবে কমিশনের প্রস্তাবের তুলনায় ১ম, ৮ম ও ৯ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতনে পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে ১২ থেকে ২০তম গ্রেডে আগের তুলনায় ১১৫ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর প্রস্তাব বহাল রয়েছে।

গত সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন দেওয়া হয়। নতুন স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। তবে বর্ধিত বেতনের আর্থিক সুবিধা একবারে দেওয়া হবে না। তিন ধাপে মূল বেতন সমন্বয় করা হবে।

প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ কার্যকর করা হবে। পরবর্তী দুই ধাপে বাকি অংশ সমন্বয় করা হবে। বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর প্রস্তাব পর্যালোচনার সময় মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং দেশের আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় নেয় সচিব কমিটি।

এ সময় সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের প্রারম্ভিক মূল বেতনের ব্যবধানও পর্যালোচনা করা হয়। বিদ্যমান বেতন কাঠামোয় এই অনুপাত ছিল ১ : ৯ দশমিক ৪৫। তা কমিয়ে ১ : ৮-এর মধ্যে রাখার বিষয়টি বিবেচনা করে কমিটি। জাতীয় বেতন কমিশন ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। পাশাপাশি ১ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন জাতীয় বেতন স্কেল ২০১৫-এর তুলনায় ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়। বিস্তারিত পর্যালোচনার পর সচিব কমিটি জাতীয় বেতন স্কেল ২০২৬-এর জন্য নিজেদের সুপারিশ দেয়।

কোথায় কত পরিবর্তন

সচিব কমিটির সুপারিশে কমিশনের প্রস্তাবিত ২০টি গ্রেডই রাখা হয়েছে। প্রতিটি গ্রেডে প্রস্তাবিত ধাপ সংখ্যাও বহাল রাখা হয়েছে। ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা রাখার প্রস্তাবও অপরিবর্তিত রয়েছে। তবে ১ম গ্রেডে পরিবর্তন আনা হয়েছে। কমিশন এই গ্রেডের মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। সচিব কমিটি তা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার সুপারিশ করে। শেষ পর্যন্ত নতুন স্কেলে ১ম গ্রেডের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

৮ম ও ৯ম গ্রেডেও কমিশনের প্রস্তাব থেকে কিছুটা কমানো হয়েছে। এই দুই গ্রেডে কমিশন প্রারম্ভিক মূল বেতন ১০৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল। সচিব কমিটি তা কমিয়ে ১০০ শতাংশ করার সুপারিশ করে। অন্য সব গ্রেডে কমিশনের প্রস্তাব অনুযায়ী প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার রাখা হয়েছে।

ফলে নতুন স্কেলে সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। আর সর্বোচ্চ ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

২০টি গ্রেডে নতুন বেতন

নতুন বেতন কাঠামোয় ১ম গ্রেডে মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২য় গ্রেডে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা এবং ৩য় গ্রেডে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা করা হয়েছে। ৪র্থ গ্রেডে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা এবং ৫ম গ্রেডে ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ৬ষ্ঠ গ্রেডে ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা এবং ৭ম গ্রেডে ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা করা হয়েছে।

৮ম গ্রেডে মূল বেতন ৪৬ হাজার থেকে ১ লাখ ১০ হাজার ৪০০ টাকা। ৯ম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৬০০ টাকা। ১০ম গ্রেডে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১১তম গ্রেডে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা। ১২তম গ্রেডে ২৪ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৭০০ টাকা এবং ১৩তম গ্রেডে ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা করা হয়েছে।

১৪তম গ্রেডে ২০ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা। ১৫তম গ্রেডে ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা এবং ১৬তম গ্রেডে ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৭তম গ্রেডে ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। ১৮তম গ্রেডে ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা এবং ১৯তম গ্রেডে ২০ হাজার ৫০০ থেকে ৪৯ হাজার ৬০০ টাকা করা হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন স্কেলে ১ম থেকে ১১তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশ রাখা হয়েছে। ১২তম গ্রেডে এই হার ১১৫ শতাংশ। ১৩তম গ্রেডে ১১৮ শতাংশ। ১৪তম গ্রেডে ১৩০ শতাংশ। ১৫তম ও ১৬তম গ্রেডে ১৩৫ শতাংশ। ১৭তম গ্রেডে ১৩৮ শতাংশ এবং ১৮তম গ্রেডে ১৩৯ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ১৯তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ১৪১ শতাংশ এবং ২০তম গ্রেডে ১৪২ শতাংশ বাড়ানো হয়েছে।

নতুন কাঠামোয় সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের প্রারম্ভিক মূল বেতনের অনুপাত ১ : ৭ দশমিক ৮ রাখা হয়েছে। জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর প্রস্তাব অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধির হারও বহাল রেখেছে সচিব কমিটি।

সুপারিশ অনুযায়ী, ২য় গ্রেডে বার্ষিক বেতন বৃদ্ধির হার হবে ২ দশমিক ৭৫ শতাংশ। ৩য় ও ৪র্থ গ্রেডে ৩ দশমিক ৫০ শতাংশ। ৫ম গ্রেডে ৪ শতাংশ। আর ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেড পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধির হার ৫ শতাংশ রাখা হয়েছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button