‘নব্বইয়ের পর বিএনপি ছাত্র সংসদগুলোর নির্বাচন বন্ধ করে দিয়েছিল, সেই আশঙ্কা এখনো ফিল করছি’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মেয়ার পূর্ণ হতে চলায় দ্রুত পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে বর্তমান বিএনপি সরকার এ ছাত্র সংসদ নির্বাচন আটকে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে বলে মারাত্মক আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ডাকসুর সভাকক্ষে আয়োজিত ‘ঈদ কথন ২০২৬’ অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে সাদিক কায়েম এসব কথা বলেন। তিনি বলেন, নব্বইয়ের দশকে ক্ষমতায় আসার পর বিএনপি যেভাবে ক্যাম্পাসে গণরুম-গেস্টরুম কালচার তৈরি করে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছিল, এখনো সেই একই চক্রান্তের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বিএনপি পন্থী শিক্ষকরা নির্বাচন বন্ধে তৎপরতা শুরু করেছেন বলেও তিনি অভিযোগ করেন।
ডাকসু ভিপি তাঁর মেয়াদের উন্নয়নমূলক কাজের বিবরণ দিয়ে জানান, শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কম্পিউটার ল্যাব স্থাপন, হলগুলোর রিডিং রুম ও মসজিদে এসি স্থাপনসহ নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া ক্যাম্পাসের আবাসন সংকট নিরসনে অনুমোদন হওয়া ২,৮৪১ কোটি টাকার বৃহৎ প্রকল্পের আওতায় ১০টি বহুতল হল, আধুনিক সেন্ট্রাল লাইব্রেরি, নারী শিক্ষার্থীদের প্রার্থনার ব্যবস্থাসহ সেন্ট্রাল মসজিদ এবং নতুন ডাকসু ভবন নির্মাণের বিষয়টি তুলে ধরেন তিনি।
পরবর্তী নির্বাচন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, প্রতি বছর নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করতে ইতোমধ্যে একে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা যেন ভোটাধিকার প্রয়োগ করে নতুন প্রতিনিধি বেছে নিতে পারেন, সেজন্য দ্রুত তফসিল দেওয়ার ওপর জোর দেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে সাদিক কায়েম দাবি করেন, ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মধ্যেই বর্তমান বিএনপি সরকার অগণতান্ত্রিক পথে হেঁটে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণেই তারা মব তৈরি করে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করার পাঁতারা করছে বলে মন্তব্য করেন তিনি।
source: Azadir Dak